ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কারণে বৈশ্বিক সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা চলছে। এর প্রভাবে বিশ্বের অনেক দেশই উচ্চমূল্যস্ফীতির মুখে পড়েছে। নিজেদের শূন্য কভিড নীতিমালার কারণে ধীরগতি এসেছে চীনের অর্থনীতিতে। এমন অবস্থায় টানা ১৪ মাস নিজেদের রফতানি প্রবৃদ্ধি ধরে রেখেছে থাইল্যান্ড। এপ্রিলেও দেশটির রফতানি ঊর্ধ্বমুখী ছিল। যদিও এ হার আগের মাসের তুলনায় কম। খবর ব্যাংকক পোস্ট।

থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক বছর আগের সময়ের সঙ্গে তুলনা করলে চলতি বছরের এপ্রিলে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে আমদানি বেড়েছে ২১ দশমিক ৫ শতাংশ। অর্থমূল্যে রফতানির পরিমাণ ২ হাজার ৩৫০ কোটি ডলার এবং আমদানি হয়েছে ২ হাজার ৫৪০ কোটি ডলারের পণ্য। সে হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ ১৯০ কোটি ডলার।

এ পরিসংখ্যান মার্চের চেয়ে বেশ কম। ওই মাসে রফতানি প্রবৃদ্ধি হয়েছিল ১৯ দশমিক ৫ শতাংশ। মোট রফতানির পরিমাণ ছিল ২ হাজার ৮৮০ কোটি ডলার, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ।

এপ্রিলে যেসব পণ্যের রফতানি বেশি হয়েছে তার মধ্যে রয়েছে কৃষিজাত ও খাদ্যপণ্য, বিভিন্ন নিত্যপণ্য ও বৈদ্যুতিক সামগ্রী ইত্যাদি। আবার চিকিৎসা সরঞ্জাম ও ফার্মাসিউটিক্যালস পণ্যেরও বেশ চাহিদা ছিল। বছরের প্রথম চার মাসের হিসাবে এক বছর আগের তুলনায় এবার রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে আমদানি বেড়েছে ১৯ দশমিক ২ শতাংশ।