আগামী বছর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর অ্যারাবিয়ান বিজনেস।
ব্যাংকটির চতুর্থ প্রান্তিকে অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়, ‘উচ্চ প্রবৃদ্ধির তিন প্রান্তিকের পর ইউএইর অর্থনীতি ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে শক্ত অবস্থানে ছিল। যার পেছনে জ্বালানি তেল ও জ্বালানি তেলবহির্ভূত খাত অবদান রেখেছে।’ পুরো বছরের জন্য প্রবৃদ্ধি ৭ দশমিক ৬ শতাংশ অনুমান করা হয়েছে।
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক (সিবিইউএই) ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। যদিও ওপেক প্লাস চুক্তি অনুযায়ী, তেল উত্তোলন অব্যাহত থাকবে। এছাড়া তেলবহির্ভূত খাতের অবদানও চলমান থাকবে বলে আশা করা হচ্ছে।
ব্যাংকটির পর্যালোচনা অনুযায়ী, চতুর্থ প্রান্তিকে দেশটির জ্বালানি তেল উত্তোলন প্রতিদিন গড়ে ৩১ লাখ ব্যারেল ছিল। ওপেক প্লাস চুক্তির ফলে হাইড্রোকার্বনে জিডিপি বছরে ১০ শতাংশ বেড়েছে। তেলবহির্ভূত খাতও একই গতিতে বেড়েছে বলে অনুমান করা হয়েছে। ২০২২ সালে তেলবহির্ভূত খাতে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
সিবিইউএইর পর্যালোচনায় বলা হয়েছে, রিয়েল এস্টেট, নির্মাণ খাত, রিফাইনারি ও অ্যালুমিনিয়াম উৎপাদনের গতিশীলতা জিডিপি প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। এছাড়া কাতারে ফিফা বিশ্বকাপ এবং অনুষ্ঠিত অন্যান্য বৈশ্বিক কর্মসূচির ফলে আমিরাতে ভ্রমণ ও পর্যটন বাড়িয়ে তুলেছে।
সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, বৈশ্বিক প্রবৃদ্ধির প্রবণতায় তেলবহির্ভূত খাতে ২০২৩ সালে ৪ দশমিক ২ শতাংশ ও ২০২৪ সালে ৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে।










