লজিস্টিক নীতিমালার কার্যকর বাস্তবায়নে অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল এক সংবাদ বিবৃতিতে ডিসিসিআই এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি বলছে, বিগত এক দশকে ৬ শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির বিকাশমান গতিধারা অব্যাহত রাখার বিষয়টি সারা পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা থাকা সত্ত্বেও ব্যবসা পরিচালন ব্যয় (কস্ট অব ডুইং বিজনেস) সূচকে বাংলাদেশের অবস্থান বেশ নিচের দিকে।
ডিসিসিআই বলছে, দেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাংলাদেশের প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি সমন্বিত, নিরবচ্ছিন্ন ও টেকসই লজিস্টিক নীতিমালার কার্যকর বাস্তবায়ন একান্ত অপরিহার্য। এমন বাস্তবতায় সরকার কর্তৃক লজিস্টিক নীতিমালাটি প্রণয়নের জন্য দেশের বেসরকারি খাতের অন্যতম বাণিজ্য সংগঠন ডিসিসিআই সরকারকে সাধুবাদ জানাচ্ছে।










