বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৩৮ ইউনিট জেট সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, বোয়িং চলতি বছর বার্ষিক আয় ৩০০-৫০০ কোটি ডলারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এ সময়ের মধ্যে বছরে ৪০০-৪৫০ ইউনিট ৭৩৭ ম্যাক্স এবং ৭০-৮০ ইউনিট ৭৮৭ ড্রিমলাইনার্স সরবরাহ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা জায়ান্টটির। এছাড়া বছরের দ্বিতীয়ার্ধে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজটি মাসপ্রতি সরবরাহ লক্ষ্যমাত্রা ৪০ ইউনিট করা হবে। সংশ্লিষ্টরা বলছে, নতুন পরিকল্পনা ঘোষণার পর পরই বোয়িংয়ের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ।
বোয়িংয়ের প্রধান আর্থিক কর্মকর্তা ব্রায়ান ওয়েস্ট বলেন, ‘লক্ষ্য পূরণে আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও দ্বিতীয় প্রান্তিকে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের সরবরাহ কমবে। কেননা কোম্পানির মজুদ থাকা ২২৫ ম্যাক্স উড়োজাহাজের ৭৫ শতাংশই ত্রুটিপূর্ণভাবে ইনস্টল করা আছে। এগুলো পর্যালোচনা করা এবং ব্যবহার উপযোগী করতে সময় লাগবে।’
বোয়িংয়ের সিইও ডেভ ক্যালহুয়ান উৎপাদন ত্রুটিকে একটি বিপজ্জনক ত্রুটি বলে অভিহিত করেন। কেননা একবার ইনস্টল হয়ে গেলে দৃশ্যমানভাবে বিষয়টি মূল্যায়ন করা প্রায় অসম্ভব। শুধু ইনস্টলেশন প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে জড়িত কেউ এটি শনাক্ত করতে পারে।
চলতি বছরের জুন থেকে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৩৮ ইউনিট ৭৩৭ ম্যাক্স তৈরি করবে। বর্তমান অবস্থার তুলনায় থেকে যা ৭ ইউনিট বেশি। ব্রায়ান ওয়েস্ট বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। অল্প কিছুদিনের মধ্যে ৭৩৭ মডেলের উড়োজাহাজ উৎপাদন গতিশীল করা হবে। এদিকে ৭৮৭ ম্যাক্স ড্রিমলাইনার উৎপাদনের গতি মন্থর। বছরের দ্বিতীয় ভাগে উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এমনকি এজন্য ম্যাক্স ৩৭৩ সরবরাহ থামিয়ে দেয়া হবে সাময়িক সময়ের জন্য। উৎপাদন বৃদ্ধি উড়োজাহাজের সরঞ্জাম প্রাপ্যতা ও সামগ্রিক ত্রুটি দূর করার ওপর নির্ভর করছে।’










