নিকেলস্বল্পতা এবং এর দাম বৃদ্ধি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাণে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার এক টুইটে এমন মন্তব্য করেন টেসলার প্রধান ইলোন মাস্ক। খবর ব্লুমবার্গ।

দীর্ঘদিন থেকেই খনি মালিকদের কাছে মাস্ক আহ্বান জানিয়ে আসছিলেন তারা যেন নিকেল উত্তোলন বাড়িয়ে দেয়। কিন্তু বর্তমানে যে পরিমাণে নিকেল উত্তোলন হচ্ছে, ২০২৩ সালে ঘাটতি দেখা যাবে। গত বৃহস্পতিবার টুইটে মাস্ক লেখেন, লিথিয়াম আয়রন সেল তৈরিতে আমাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হিসেবে দাঁড়িয়েছে নিকেলস্বল্পতা। এজন্য আমরা আয়রন ক্যাথোড ব্যবহার করছি।

বৈদ্যুতিক গাড়িতে ব্যবহূত লিথিয়াম-আয়ন ব্যাটারি নির্মাণে প্রধান উপাদান নিকেল। এ উপাদান ব্যাটারিতে অধিক বিদ্যুৎ সংরক্ষণ করতে পারে। উৎপাদকরা তখন অধিকতর মূল্যবান ধাতু কোবাল্টের ব্যবহার কমাতে পারেন, যার সরবরাহ চেইনে স্বচ্ছতা কম রয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে চলতি বছরে নিকেলের দাম ১৬ শতাংশ বেড়েছে।