বাংলাদেশে বিনিয়োগ করার জন্য কোরিয়া, সুইডেন ও সুইজারল্যান্ডের প্রতি
আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে অফিস কক্ষে বাণিজ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ার
রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, সুইডেনের রাষ্ট্রদূত আলকেজান্দ্রা বার্গ ভন লিন্ডে এবং সুইজারল্যান্ডের
রাষ্ট্রদূত রিতু রেনংলরি সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
টিপু মুনশি বলেন, ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য
সবচেয়ে আকর্ষণীয় জায়গা। সরকার বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। বিভিন্ন
সেবা ও পরিষেবা অনুমোদনের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। বিশেষ অর্থনৈতিক
অঞ্চলগুলোতে বিদেশী বিনিয়োগ আসছে।
বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রদূতদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল
নেতৃত্বে বিগত বছরগুলোতে যোগাযোগ, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষাসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব
উন্নয়ন হয়েছে। অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে
উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, যা ২০২৬ সাল থেকে কার্যকর হবে। এর ফলে বাংলাদেশের
জন্য সুযোগ-সুবিধা পাওয়ার পাশাপাশি কিছু চ্যালেঞ্জ আসবে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি
বিদেশী বন্ধু রাষ্ট্রগুলোকে পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
এ সময় তিনি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত উভয় দেশের মধ্যকার বাণিজ্য প্রসারের
জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত আলকেজান্দ্রা বার্গ ভন লিন্ডে বাংলাদেশে
বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বলেন, বিশ্বের
অনেক দেশ এখন নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্বারোপ করছে। এক্ষেত্রে সুইডেন সরকার বাংলাদেশকে
সহযোগিতা করতে চায়।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের
কৃষি খাতসহ অন্যান্য খাতে আরো বেশি বিনিয়োগের আহবান জানান। এ সময় বর্তমান সরকারের উন্নয়নের
ভূয়সী প্রশংসা করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত পণ্য বৈচিত্রকরণে সহযোগিতা ছাড়াও বাংলাদেশের
উন্নয়ন সহযোগী হয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।










