এলডিসি থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে দ্রুত কাঠামোগত সংস্কার, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং সরকারি-বেসরকারি খাতের কার্যকর অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান।
রাজধানীতে অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশের ৩১তম বার্ষিক কাউন্সিলে গত ৯ জুলাই নির্বাহী বোর্ডের পক্ষে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, '২০২৬ সালে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। শক্তিশালী প্রবাসী আয়, স্থিতিশীল রফতানি এবং অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় অর্থনীতি স্থিতিশীলতা দেখালেও অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা এবং বৈশ্বিক অনিশ্চয়তা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।’
তিনি জানান, ২০২৫ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃত্তি প্রায় ৩ দশমিক ৭ শতাংশে নেমে আসে শিল্প খাতের ধীরগতি, কড়াকড়ি সামষ্টিক অর্থনৈতিক নীতি, জ্বালানি সংকট এবং বেসরকারি বিনিয়োগে স্থবিরতার কারণে প্রবৃদ্ধি কমেছে।










