পুঁজিবাজারে তালিকাভুক্ত এসকোয়্যার নিট কম্পোজিট পিএলসি ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে এর আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি সমিন্বত আয় (ইপিএস) কমেছে ৭৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ২৫ জানুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এসকোয়্যার নিটের সমন্বিত ইপিএস হয়েছে ৬৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৬ পয়সা। সে হিসাবে এক বছরে সমন্বিত ইপিএস কমেছে ৭৩ দশমিক ৩১ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির রিজার্ভসহ পুনর্মূল্যায়িত শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৫ টাকা ২১ পয়সা।