বিশ্বের দ্বিতীয় শীর্ষ কফি রফতানিকারক দেশ ভিয়েতনাম।
এপ্রিলে দেশটির কফি রফতানি আগের মাসের তুলনায় ২২ দশমিক ১ শতাংশ কমেছে।
ওই মাসে আন্তর্জাতিক বাজারে ১ লাখ ৩২ হাজার ১১১ টন কফি সরবরাহ করেছে ভিয়েতনাম।
একই সময়ে দেশটির চাল রফতানি আগের মাসের তুলনায় ৪৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।
দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানায়।
খবর রয়টার্স।
ভিয়েতনামের শুল্ক বিভাগের তথ্যমতে, চলতি বছরের প্রথম চার মাসে ভিয়েতনাম ৫ লাখ ৮৪ হাজার ৯৮১ টন কফি রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ কম।
তবে কফি রফতানি খাত থেকে রাজস্ব আয়ের পরিমাণ বেড়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ খাত থেকে সব মিলিয়ে রাজস্ব এসেছে ১১০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ বেশি।
অন্যদিকে গত এপ্রিলে চাল রফতানি বাড়িয়েছে ভিয়েতনাম।
ওই মাসে দেশটি ৭ লাখ ৮২ হাজার ১৫৯ টন চাল রফতানি করেছে, যা আগের মাসের তুলনায় ৪৫ দশমিক ১ শতাংশ বেশি।
তবে বছরের প্রথম চার মাসে মোট রফতানির পরিমাণ কমেছে।
এ সময় রফতানি করা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার টন চাল, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ কম।










