চীনে পরিশোধিত তামা উৎপাদন কমেছে। বিগলন কেন্দ্রগুলোতে মৌসুমি রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় জুনে ব্যবহারিক ধাতুটি আগের মাসের তুলনায় কম উৎপাদন হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান এনটেইক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী, চীনে গত মাসে পরিশোধিত তামা উৎপাদন মে মাসের তুলনায় কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ সময় উৎপাদন হয় ৭ লাখ ৪৫ হাজার ৭০০ টন তামা। এদিকে চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত চীন ৪৬ লাখ ১০ হাজার টন তামা উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪ শতাংশ বেশি।
এনটেইক জানায়, চলতি মাসেও বিগলন কেন্দ্রগুলোতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। তবে এ মাসে পরিশোধিত তামা উৎপাদন জুনের তুলনায় বাড়বে। এ সময় ৭ লাখ ৮০ হাজার টন পরিশোধিত তামা উৎপাদনের পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে উৎপাদন কমলেও শিল্পধাতুটির দাম কমেছে। সব ধরনের ধাতুসহ পণ্যের ঊর্ধ্বমুখী বাজারে লাগাম টানতে নানা পদক্ষেপ নিয়েছে বেইজিং। এক্ষেত্রে ধাতব পণ্যের দেশীয় মজুদ উন্মুক্ত করেছে দেশটি। এছাড়া অবৈধভাবে মূল্যবৃদ্ধি ঠেকাতে তৈরি করা হয়েছে মনিটরিং টিম। মূলত এ কারণেই পণ্যটির দাম কমতির দিকে রয়েছে।










