সুইডিশ ফার্নিচার জায়ান্ট আইকিয়ার ক্লোন হিসেবে মস্কোয় যাত্রা শুরু হচ্ছে সুইড হাউজের। বেলারুশভিত্তিক সুইড হাউজে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে ভোক্তাদের। খবর রয়টার্স।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই রাশিয়ায় সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে আইকিয়া। বাজারে শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে সুইড হাউজ। কোম্পানিটির মহাপরিচালক মামেদালি কাসিমভ বলেন, ‘‌আমরা আইকিয়ার মতো কিছু নয়, আমরা আইকিয়ার মতো হতে চাই। আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে, নিজস্ব পণ্য আছে। আমাদের হাতে আইকিয়ার কিছু আইটেমও রয়েছে।’

তিনি আরো বলেন, ‘‌আমাদের স্টোরে ১৫-২০ শতাংশ পণ্য আইকিয়ার। এটা করতে কেউ তো আমাদের নিষেধ করেনি। আমাদের সুইড হাউজ পণ্যের চাহিদাও বেশ।’

এদিকে ক্রেতাদের মধ্যে ভিন্নমত পাওয়া যাচ্ছে। নাতালিয়া নামে এক ক্রেতা বলছেন, আমরা আইকিয়া খুব মিস করছি।

আবার অনেক ক্রেতার অভিযোগ, সুইড হাউজের আঙিনা অনেক ছোট। একটার ওপর আরেকটা পণ্য রাখলেই ভালো স্টোর হওয়া যায় না। পণ্যসম্ভার সাজিয়ে রাখার ক্ষেত্রে আইকিয়া নিজস্ব নীতি অনুসরণ করত। কেউ ইচ্ছে করলে বিছানায় শুয়ে পরীক্ষা করে দেখতে পারত।