এশিয়ার বাজার থেকে তিন লাখ টন চাল কেনার উদ্যোগ নিয়েছে ফিলিপাইন। মূলত নভেল করোনাভাইরাস মহামারীর মাঝে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে এ চাল আমদানি করবে দেশটি। খবর রয়টার্স ও সিনহুয়া।
ফিলিপাইনের এগ্রিকালচার সেক্রেটারি উইলিয়াম দার জানান, করোনা মহামারীর মাঝেই জরুরি ভিত্তিতে সরকারি পর্যায়ে চাল আমদানির চুক্তি করতে চায় ফিলিপাইন সরকার। উদ্যোগটি এগিয়ে নিতে এরই মধ্যে মিয়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও ভারতের সঙ্গে যোগাযোগ করেছে ম্যানিলা। সরকারি পর্যায়ে চুক্তি হলে যেকোনো এক বা একাধিক উৎস থেকে দুই লাখ টন চাল আমদানি করা হবে।
ফিলিফাইন বিশ্বের শীর্ষ চাল আমদানিকারক দেশ। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছর সরকারি চুক্তির আওতায় রেকর্ড ৩০ লাখ টন চাল আমদানির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। এরই মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৭ লাখ টন চাল আমদানিতে চুক্তি করে ফেলেছে ফিলিপাইন সরকার।
এদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ইতিহাসের সবচেয়ে বেশি চাল আমদানি করেছে ফিলিপাইন। প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় ওই বছর দেশটিতে খাদ্যপণ্যটি আমদানির পরিমাণ দাঁড়ায় ৩৬ লাখ টনে। গত বছর ফিলিপাইনে সব মিলিয়ে ২৬ লাখ টন চাল আমদানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৭ দশমিক ৭৮ শতাংশ কম। সেই হিসেবে এক বছরের ব্যবধানে ফিলিপাইনে খাদ্যপণ্যটির আমদানি কমেছে ১০ লাখ টন।










