পাকিস্তানে চলতি বছর গমের আবাদ বেড়েছে। চাষীদের গম আবাদে উৎসাহী করে তুলতে নানা ধরনের সহায়তা করেছে দেশটির সরকার। পাশাপাশি স্থানীয় বাজারও অনুকূলে রয়েছে। ফলে চলতি বছর দেশটির গম উৎপাদন বেড়ে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক (গেইন) এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ বিপণন মৌসুমে পাকিস্তান ২ কোটি ৭০ লাখ টন গম উৎপাদন করবে। এর আগের মৌসুমে উৎপাদন করা হয়েছিল ২ কোটি ৫০ লাখ টন। সে হিসেবে উৎপাদন বেড়েছে ৮ শতাংশ।
ইউএসডিএ জানায়, ২০২১-২২ বিপণন মৌসুমে পাকিস্তান সরকার শুল্কমুক্তভাবে ৩০ লাখ টন গম আমদানির অনুমোদন দিয়েছে। উদ্দেশ্য গমের দেশীয় মজুদ বাড়ানো। করোনা মহামারীর প্রভাবে দেশটিতে গমের চাহিদা ক্রমে বাড়ছে। অন্যদিকে পঙ্গপালের আক্রমণের আশঙ্কাও তীব্র। মূলত এসব কারণেই দেশটি গমের মজুদ বাড়াতে মনোযোগ দিচ্ছে।
এদিকে ২০২১-২২ বিপণন মৌসুমে পাকিস্তানের চাল উৎপাদন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে, এ মৌসুমে দেশটি ৮৩ লাখ টন চাল উৎপাদন করবে।
অন্যদিকে ২০২০-২১ মৌসুমে পাকিস্তান ৪৩ লাখ টন চাল রফতানি করতে সক্ষম হবে বলে পূর্বাভাস দিয়েছিল ইউএসডিএ। তবে এ সময় দেশটি রফতানি করেছে ২২ লাখ টন।










