সরকারের দেয়া ক্যাশলেস শর্তেও যেকোনো বিক্রির ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদে লেনদেনের সুযোগ চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল অর্থমন্ত্রীর কাছে পাঠানো এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।
চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, এনবিআরের আয়কর, শুল্ক ও মূসক নীতি শাখার সদস্যদের এবং এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারীকে পাঠানো হয়েছে।
চিঠিতে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সরকার ক্যাশলেস লেনদেন বাস্তবায়নের লক্ষ্যে কোন আয়বর্ষে সব ধরনের আয় ও প্রাপ্তির ক্ষেত্রে ৫ লাখ টাকার বেশি একক লেনদেন এবং বার্ষিক ৩৬ লাখ টাকার বেশি ব্যয় বা বিনিয়োগ অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করতে হবে বলে শর্ত আরোপ করেছে। ক্যাশলেস লেনদেন উৎসাহিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে এর বাস্তবায়নের জন্য যথাযথ সময়সীমা নির্ধারণ করা দরকার।’
পার্শ্ববর্তী দেশের উদাহরণ দিয়ে বলা হয়েছে, ‘ভারতে ক্যাশলেস সংস্কৃতি চালুসহ লেনদেন ৪ দশমিক ৪ শতাংশ থেকে ৭৬ দশমিক ৭ শতাংশে উন্নীত করতে আট বছর সময়ের প্রয়োজন হয়েছে। আমাদের বিষয়টি বিবেচনায় নিয়ে ক্যাশলেস লেনদেন বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন।’
চিঠিতে তিনি আরো বলেন, ‘করহার কমানোর ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত আরোপ বর্তমান প্রেক্ষাপটে পুরোপুরি মেনে চলা ব্যবসাবান্ধব নয়। তাই এ হার কোম্পানির বিক্রয়ের হারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। যেমন বিক্রয়ের ৩০ শতাংশের বেশি নগদে সম্পাদন করা যাবে না। আবার আগামী বছরগুলোয় তা ক্রমান্বয়ে হ্রাস করা যেতে পারে।’










