অস্ট্রেলিয়ান ও প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের বিনিয়োগে আকৃষ্ট করতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। বুধবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজার) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হয়।

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের পরিচালক শেখ মনোয়ার হোসেন এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন বলেন, বাঙালিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে স্বীয় কর্মে স্বাক্ষর রাখছে।  তাদের মাধ্যমে  দেশে বিনিয়োগ এনে বাংলাদেশের শিল্পায়নে ভূমিকা রাখতে পারার দৃষ্টিকোন থেকেই আমরা এটি করেছি।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খান রতন বলেন, বাংলাদেশী প্রবাসীদের জন্য এই এমওইউ এক মাইলফলক। অস্ট্রেলিয়ার ফেডারেল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের সহযোগিতায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম পরিচালিত হচ্ছে।  কীভাবে বাংলাদেশের উন্নয়ন করা যায় এবং অস্ট্রেলিয়াতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা যায় সে ব্যাপারে আমরা কাজ করতে চাই।  আমাদের ফোরামে ৬০০ বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী রয়েছেন।

অস্ট্রেলিয়ান বিনিয়োগকারী গ্রেপাস গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর পিটার স্কলেপারিস বলেন, আমরা নতুন অর্থনৈতিক অঞ্চল খুঁজছি।  গ্রেপাস গ্রুপ এ দেশে বিনোয়োগে আশাবাদী।  আমাদের অনেক সম্ভাবনা রয়েছে।  এখানে বিনিয়োগের মাধ্যমে আমাদের সেই সম্ভাবনাকে আরো টেকসই করার চেষ্টা করছি।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল দেশের প্রথম।  এটি স্থাপন করা অন্যান্য অর্থনৈতিক অঞ্চলের থেকে ভিন্ন ছিল।  আমরা খাস জমি একুইজিশন করে তাদের দিয়েছি।  সরকারের সহযোগিতায় তাদের এটি দেয়া হয়েছে এবং তারা সম্পূর্ণ জমির মূল্য দিয়ে এখানে কাজ শুরু করেছে।

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল দেশের সর্ববৃহৎ এবং উত্তরাঞ্চলের সর্বপ্রথম অর্থনৈতিক অঞ্চল। যমুনা নদীর তীরে ১০৩৫. দশমিক ৯৩ একর জমির ওপর অবস্থিত। ২০১৮ সালে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটি লাইসেন্স পায়।