দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো অনলাইনে ঘড়ি বিক্রি শুরু করছে শ্যানেল কোরিয়া। এজন্য একটি অনলাইন পপ-আপ স্টোর চালু করেছে ফরাসি ফ্যাশন ব্র্যান্ডটি। তবে শ্যানেলের প্রসাধনসামগ্রী ওই পপ-আপ স্টোরে পাওয়া যাবে না। কোরীয় রিটেইল জায়ান্ট শিনসেগাই গ্রুপ মালিকানাধীন ই-কমার্স প্লাটফর্ম এসএসজি ডটকমে শ্যানেল কোরিয়ার অনলাইন স্টোরটি পরিচালিত হবে। এতে চলতি মাসের শেষের দিকে সাতটি ঘড়ি বিক্রি শুরু করবে ফ্রান্সভিত্তিক ব্র্যান্ডটি। যেগুলোর মধ্যে রয়েছে জে১২ সাইবারনেটিক, বয় ফ্রেন্ড সাইবারডাটা ও জে১২ ইন্টারস্টেলার। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
শিল্পসংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান বিলাসবহুল পণ্যের বাজারে শক্তিশালী অবস্থান নিতে সেখানে প্রথম অনলাইন স্টোর চালু করেছে শ্যানেল।
মরগান স্ট্যানলির উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে ব্যক্তিপ্রতি বিলাসী পণ্যে ব্যয়ে বিশ্বের শীর্ষ দেশ ছিল দক্ষিণ কোরিয়া। গত বছর বিলাসী পণ্যে ব্যয় ১ হাজার ৬৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে।










