পাপুয়া নিউগিনির (পিএনজি) প্রধানমন্ত্রী জেমস মারাপে বৃহস্পতিবার বলেছেন, পোরগেরা সোনার খনিতে অপারেটর হিসেবে বহাল থাকবে ব্যারিক গোল্ড করপোরেশন ও চীনের জিজিন মাইনিং। রাজধানী পোর্ট মোর্সবাইতে সফল বৈঠকের পর এ ঘোষণা দেন মারাপে। খবর রয়টার্স।
গত এপ্রিলে পরিবেশগত ও সামাজিক সমস্যার কারণ দেখিয়ে ব্যারিক নিউগিনি লিমিটেডের (বিএনএল) সঙ্গে শেষ হয়ে যাওয়া ইজারার চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানান মারাপে। এ কারণে বিএনএল খনিটি বন্ধ করে দেয়, যখন বিশ্বব্যাপী সোনার দাম আকাশচুম্বী ছিল। যদিও সমঝোতা চুক্তির পর বিএনএলকে আবার অপারেটর হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। ব্যারিক ও জিজিন পোরগেরা প্রকল্পের ৪৭ দশমিক ৫ শতাংশ কাজের সঙ্গে যুক্ত, বাকি ৫ শতাংশে রয়েছে মিনারেল রিসোর্স ইনগার। এখানেও ইনগা প্রোভিন্স ও স্থানীয় জমির মালিকদের যৌথ উদ্যোগ।
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী এক যৌথ বিবৃতিতে বলেন, নতুন চুক্তি অনুসারে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি যে পাপুয়া নিউগিনি ইকুইটির বড় একটি অংশ পাবে এবং বিএনএল এর অপারেটর হিসেবে থাকবে এবং আর্থিক লাভের একটি ন্যায্য ভাগ তারা পাবে।










