ভারতের দক্ষিণাঞ্চলীয় চা বিপণন কেন্দ্র কনোড়ের নিলামে পানীয় পণ্যটির দাম আগের তুলনায় কমে এসেছে। তবে বেড়েছে বেচাকেনা। নভেল করোনাভাইরাসের মহামারী ও এর কারণে চলমান লকডাউনের ধাক্কা সামলে চায়ের বেচাকেনা আগের তুলনায় বেড়ে যাওয়াকে ভারতীয় চা শিল্পের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস লাইন।

কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশনের (সিটিটিএ) সর্বশেষ নিলাম প্রতিবেদনে বলা হয়েছে, চলমান লকডাউনের মধ্যেই সম্প্রতি কনোড়ে চলতি মৌসুমের ২০তম চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ নিলামে সরবরাহ করা চায়ের ৮৪ শতাংশ বিক্রি হয়েছে।

সর্বশেষ নিলামে প্রতি কেজি চায়ের গড় দাম দাঁড়িয়েছে ৯৪ দশমিক ২১ রুপি (ভারতীয় মুদ্রা)। মৌসুমের ১৯তম নিলামে প্রতি কেজি চা গড়ে ৯৪ দশমিক ৮৪ রুপিতে বিক্রি হয়েছিল। সেই হিসাবে এক নিলামের ব্যবধানে কনোড়ে পানীয় পণ্যটির গড় দাম কমেছে কেজিতে দশমিক ৬৩ রুপি।

মূলত বেচাকেনা আগের তুলনায় বাড়লেও সরবরাহ আরো বেশি থাকায় কনোড়ে সর্বশেষ নিলামে চায়ের দাম কমতির দিকে ছিল।