জাকার্তা থেকে সরিয়ে নুসানতারায় নতুন রাজধানী স্থাপনে কাজ করছে ইন্দোনেশিয়া সরকার। এ রাজধানীতে অ্যাডভান্সড এয়ার মোবিলিটি (এএএম) ইকোসিস্টেমসহ উড়ন্ত যানবাহন এবং এ-সংক্রান্ত অবকাঠামোগত উন্নয়নের এক উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছে হুন্দাই মোটরস। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হচ্ছে বি২০ সম্মেলন। এ সম্মেলন চলাকালে এক সাইডলাইন বৈঠকে নুসানতারা ন্যাশনাল ক্যাপিটাল অথরিটির সঙ্গে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক অটো জায়ান্টটি।
চুক্তি অনুযায়ী, নুসানতারায় উভয় পক্ষই ল্যান্ড এয়ার মোবিলিটি ইন্টিগ্রেশন, অ্যাডভান্সড এয়ার মোবিলিটি ভেহিকলস স্থাপনে নিরীক্ষা এবং এ সম্পর্কিত অবকাঠামো নির্মাণ ও ইকোসিস্টেম স্থাপনে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে জাভা দ্বীপে অবস্থিত রাজধানী জাকার্তা থেকে জঙ্গলময় দ্বীপ বোর্নিওর নুসানতারায় স্থানান্তরের ঘোষণা দেয় দেশটির সরকার। নতুন রাজধানী স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩০০ কোটি ডলার। নুসানতারায় এএএম চালু করাকে জীবন্ত গবেষণাগারের সঙ্গে তুলনা করেছেন নুসানতারা ন্যাশনাল ক্যাপিটাল অথরিটির প্রধান বামবাং সুসান্তনো। নতুন রাজধানীর সংস্কৃতির সঙ্গে মিল রেখে নতুন কিছু শেখা, সেটির সঙ্গে কাজ করা এবং জীবনধারায় নতুন সংস্কৃতিকে মানিয়ে নিতে এটি সহায়তা করবে।










