মহামারীর বিধিনিষেধ শিথিল হতে থাকায় নতুন গতি পাচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক।
ফলে গত বছরের মন্দা ভাব কাটিয়ে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী হয়ে উঠছে ইস্পাত খাত।
চলতি বছরের শুরু থেকে শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদনে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে।
সর্বশেষ মে মাসেও উৎপাদন বেড়েছে।
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতি মাসে ৬৪টি দেশের ইস্পাত উৎপাদনের ওপর প্রতিবেদন তৈরি করে ডব্লিউএসএ।
বছরের প্রথম পাঁচ মাসের প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারিতে উৎপাদন ৪ দশমিক ৮ শতাংশ, ফেব্রুয়ারিতে ৪ দশমিক ১, মার্চে ১৫ দশমিক ২ ও এপ্রিলে ২৩ দশিমক ৩ শতাংশ বাড়।
মে মাসেও এ ধারাবাহিকতা অব্যাহত ছিল।
সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত মাসে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
প্রতিষ্ঠানভুক্ত ৬৪টি দেশ এ সময় সব মিলিয়ে ১৭ কোটি ৪৪ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে।
জাপান, ভারত ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক উৎপাদন বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে।
অবকাঠামো ও নির্মাণ খাতের জন্য অপরিহার্য অনুষঙ্গ হলো ইস্পাত।
গাড়ি শিল্পের বিকাশেও ধাতুটির রয়েছে উল্লেখযোগ্য অবদান।
মহামারীর ধাক্কা সামলে বিশ্ববাজারে শিল্প ধাতুটির চাহিদা বাড়ছে।
মূলত এ কারণেই চলতি বছরের প্রতি মাসেই ইস্পাত উৎপাদন বাড়িয়েছে প্রধান উৎপাদক দেশগুলো।
বছরের প্রথম পাঁচ মাসে বিশ্বজুড়ে সব মিলিয়ে ৮৩ কোটি ৭৫ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ বেশি।
শুধু গত বছরের তুলনায় নয়, বরং চলতি বছরের এপ্রিলের তুলনায়ও মে মাসে উৎপাদন বেড়েছে।
এপ্রিলে বৈশ্বিক উৎপাদনের পরিমাণ ছিল ১৬ কোটি ৯৫ লাখ টন।
সে হিসেবে উৎপাদন বেড়েছে ২ দশমিক ৮৯ শতাংশ।
বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ চীন।
গত মাসে দেশটি ৯ কোটি ৯৫ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেশি।
বছরের প্রথম পাঁচ মাসে দেশটি উৎপাদন করেছে ৪৭ কোটি ৩১ লাখ টন ইস্পাত, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯ শতাংশ বেশি।
বৈশ্বিক ইস্পাত উৎপাদনে দ্বিতীয় ভারত।
ঊর্ধ্বমুখী চাহিদার কারণে দেশটি মে মাসে লক্ষণীয় মাত্রায় অপরিশোধিত ইস্পাত উৎপাদন বাড়ায়।
এ সময় ভারতের উৎপাদন ৪৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ৯২ লাখ টনে পৌঁছে।
বছরের প্রথম পাঁচ মাসে দেশটির উৎপাদন বেড়েছে ৪৮ দশমিক ৬ শতাংশ।
এ সময় উৎপাদন করা হয় ৩ কোটি ৩৬ লাখ টন অপরিশোধিত ইস্পাত।
বৈশ্বিক উৎপাদন বৃদ্ধিতে হিস্যা বেড়েছে জাপানেরও।
দেশটি গত মাসে ৮৪ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ২ শতাংশ বেশি।
বছরের প্রথম পাঁচ মাসে দেশটি সব মিলিয়ে চার কোটি টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি।
ডব্লিউএসএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কারখানাগুলোতে গত মে মাসে সব মিলিয়ে উৎপাদন হয়েছে ৭২ লাখ টন অপরিশোধিত ইস্পাত, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ৬ শতাংশ বেশি।
বছরের প্রথম পাঁচ মাসে দেশটির উৎপাদন ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩ কোটি ৪৮ লাখ টনে উন্নীত হয়েছে।
ডব্লিউএসএর দেয়া তথ্যমতে, মে মাসে এশিয়া ও ওশেনিয়া মহাদেশে সবচেয়ে বেশি অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে।
সবচেয়ে কম উৎপাদন হয়েছে আফ্রিকা মহাদেশে।










