চলতি বছরের প্রথমার্ধে লক্ষ্যমাত্রার ৪৬ শতাংশ কয়লা উত্তোলন করেছে ইন্দোনেশিয়া।
গত বছরের একই সময়ের তুলনায় দেশটির উত্তোলন বেড়েছে।
ইন্দোনেশিয়ার জ্বালানিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
খবর রয়টার্স।
চলতি বছর ৬২ কোটি ৫০ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে ইন্দোনেশিয়ার।
এর মধ্যে জানুয়ারি-জুন পর্যন্ত দেশটি ২৮ কোটি ৬০ লাখ কয়লা উত্তোলন করতে সক্ষম হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৪৬ শতাংশ।
গত বছরের জানুয়ারি-জুন পর্যন্ত দেশটি ২৭ কোটি ২০ লাখ টন কয়লা উত্তোলন করেছিল।
সে হিসাবে এক বছরের ব্যবধানে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে।
স্থানীয় বাজারে বাধ্যতামূলক ১৩ কোটি ৭৫ লাখ টন কয়লা বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে ইন্দোনেশিয়ার।
এর মধ্যে বছরের প্রথমার্ধে দেশটির বাধ্যতামূলক বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৩০ লাখ টনে।
বৈশ্বিক কয়লা উত্তোলনের দিক থেকে ইন্দোনেশিয়া চতুর্থ।
আগামী বছর দেশটি ৫৫ কোটি টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
চলতি বছরের তুলনায় উত্তোলন ৭ কোটি ৫০ লাখ টন কমিয়ে আনতে চায় ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ কয়লা রফতানিকারক দেশ।
চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় ইন্দোনেশিয়ান কয়লার চাহিদা বাড়ছে।
ফলে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক বাজার আদর্শ কয়লার দাম এক দশকের মধ্যে সর্বোচ্চ সীমায় বৃদ্ধি করেছে।
চলতি মাসে জ্বালানি পণ্যটির দাম গত মাসের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি ১৩০ ডলার ৯৯ সেন্টে উন্নীত হয়েছে।










