কলম্বিয়ার শীর্ষ খনিজ রফতানি পণ্য কয়লার উত্তোলন আগামী দশকে ২৮ দশমিক ৪ শতাংশ কমে যাবে বলে দেশটির সরকারের এক পূর্বাভাসে বলা হয়েছে। যদিও জ্বালানি পণ্যটির বর্ধিত দাম রফতানি ঘাটতির বিষয়টি পুষিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। খবর রয়টার্স।
খনি থেকে আহরিত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি কয়লা রফতানি করে লাতিন আমেরিকান দেশ কলম্বিয়া, ২০৩০ সাল নাগাদ যার বার্ষিক উত্তোলন কমে দাঁড়াবে বছরে ৫ কোটি ৩০ লাখ টনে। আর চলতি বছর উত্তোলন হবে ৭ কোটি ৪০ লাখ টন। তবে কয়লার বর্তমান বাজারমূল্য টনপ্রতি ২৯ ডলার হলেও সেটি বেড়ে ২০৩০ সাল নাগাদ পৌঁছবে ৪৬ ডলারে। ফলে উত্তোলন কম হলেও রাজস্ব আহরণে পিছিয়ে থাকবে না দেশটি।
চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া, বৈশ্বিকভাবে নবায়নযোগ্য জ্বালানির দিকে ধাবিত হওয়া এবং অতিরিক্ত সরবরাহের কারণে বিশ্বব্যাপী কয়লার চাহিদায় পতন ঘটছে। সম্প্রতি এক সাক্ষাত্কারে কলম্বিয়ার খনি ও জ্বালানিমন্ত্রী দিয়েগো মেসা বলেছেন, কলম্বিয়ার খনির ভবিষ্যৎ হবে ধাতুনির্ভর। নিশ্চিতভাবেই কয়লানির্ভর নয়। স্বর্ণ, তামা ও অন্যান্য খনিজ পদার্থের ওপর বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী সরকার। গত সপ্তাহে অ্যান্টিকুইয়া প্রদেশে চীনের মাইনার ‘জিজিন-কন্টিনেন্টাল গোল্ড’-এর সঙ্গে বড় একটি প্রকল্পের উদ্বোধন করেছে কলম্বিয়া সরকার।
সরকারের পূর্বাভাসে বলা হয়, জ্বালানি তেল ও খনিজ পর্দাথ থেকে কলম্বিয়ার রাজস্ব ২০৩০ সাল নাগাদ পৌঁছবে ৯ দশমিক ৪ ট্রিলিয়ন পেসোতে (২৪৬ কোটি ডলার), চলতি
বছর যা প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক ৭ ট্রিলিয়ন পেসো।
এদিকে সরকারের পূর্বাভাস বলছে, কলম্বিয়ার জ্বালানি তেল রফতানিও আগামী ১০ বছরে কমে যেতে পারে ১৬ দশমিক ৯ শতাংশ। কংগ্রেসনাল ইকোনমিক কমিটির সামনে ফাইন্যান্স ভাইস মিনিস্টার হুয়াল আলবার্তো লনডোনো বলেছেন, ২০৩০ সাল নাগাদ কলম্বিয়ার দৈনিক জ্বালানি তেল উত্তোলন কমে দাঁড়াবে ৬ লাখ ৫৪ হাজার ব্যারেলে, যা বর্তমানে ৭ লাখ ৮৭ হাজার ব্যারেল।
কলম্বিয়ার বর্তমানে ২০০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুদ রয়েছে, যা তারা আরো বাড়ানোর চেষ্টা করছে। নতুন তেলের খনি আবিষ্কার চেষ্টার পাশাপাশি বর্তমান খনিগুলো থেকে সংগ্রহ বাড়ানোরও চেষ্টা করছে দেশটি। সরকারি ওই প্রতিবেদনে আরো বলা হয়, অপরিশোধিত জ্বালানি তেলের প্রতি ব্যারেলের মূল্য এখন গড়ে ৩৭ ডলার হলেও ২০৩০ সাল নাগাদ তা পৌঁছবে ৭৪ ডলারে। ফলে জ্বালানি তেল উত্তোলন কমলেও সেটি বর্ধিত দাম থেকে কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে বোগোটা।










