পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আইসিআইসিএল) পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে বীমা খাতের কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। এছাড়া সভা থেকে কোম্পানির চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ১৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৭ লাখ টাকা বা ২১ দশমিক ৫৮ শতাংশ। আলোচ্য হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-পরবর্তী শেয়ার গণনায় যা ৬৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৮৬ পয়সা।