পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমেটেড ও ঢাকা ব্যাংক লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত স্টক লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এ লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে যথাক্রমে ২৩ ও ৩০ মে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে এ তথ্য জানিয়েছে ব্যাংক দুটি। 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২১ জুন বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে। 

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত)।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৯৯ পয়সায় (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ৯৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।

২০২০ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। আগের হিসাব বছরেও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল তারা। এর মধ্যে ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ। এছাড়া ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এমটিবি। ২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় এমটিবি। ২০১৬ হিসাব বছরে ১৫ শতাংশ এবং ২০১৫ ও ২০১৪ হিসাব বছরে ২০ শতাংশ হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

ঢাকা ব্যাংক: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৮ জুন বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে ব্যাংকটি। 

আলোচ্য হিসাব বছরে ঢাকা ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৬৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২২ টাকা ৮ পয়সা। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকা ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৮ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৪৭ পয়সা।