উড়োজাহাজের বহর সম্প্রসারণের পাশাপাশি গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি, ফ্লাইটের সময়ানুবর্তিতা ও যাত্রীসেবার মানোন্নয়নে ২২ মিলিয়ন বা প্রায় ২ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এরই মধ্যে ১ কোটি ২০ লাখ ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। বিনিয়োগের আওতায় বিদ্যমান ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের সঙ্গে আগামী তিন-চার মাসে যুক্ত হবে আরো ১৪৬টি সরঞ্জাম। পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি বৈদ্যুতিক যান পরিচালনার পরিকল্পনাও রয়েছে। দেশের বেসরকারি খাতের বিমান সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, নতুন সরঞ্জামের মধ্যে থাকবে উড়োজাহাজ পুশব্যাক ট্রাক্টর, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, যাত্রী ওঠানামার সিঁড়ি, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, ক্যাটারিং ট্রাকসহ বিভিন্ন র্যাম্প সাপোর্ট সরঞ্জাম। চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেও গ্রাউন্ড সাপোর্ট সক্ষমতা বাড়ানো হচ্ছে।
এদিকে সরকারের ইলেকট্রিক ভেহিকল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে শাহজালাল বিমানবন্দরে ৮০টি বৈদ্যুতিক যান পরিচালনার উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা। এসব যানবাহনের জন্য চার্জিং অবকাঠামো স্থাপনের কাজ চলছে। এর মাধ্যমে গ্রাউন্ড অপারেশনে জ্বালানিনির্ভরতা ও কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে এয়ারলাইনসটির।
বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরো ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এ তালিকায় আরো প্রায় ১৬টি নতুন আন্তর্জাতিক গন্তব্য যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।










