বিত্তবান বিদেশীদের আকৃষ্ট করতে ২০১৯ সালে গোল্ডেন ভিসা চালু করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ওই সময় থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি এ ভিসা ইস্যু করেছে দেশটির সরকার, যা চলতি বছরের শুরুর দিকে গোল্ডেন ভিসা ইস্যুর তুলনায় ৩৫ শতাংশ বেশি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র অ্যারাবিয়ান বিজনেসকে এমনটি জানিয়েছে।
আগে গোল্ডেন কার্ডধারীরা টানা ছয় মাসের বেশি আমিরাতে অবস্থান করার সুযোগ পেতেন না। তবে ৩ অক্টোবর সংশোধন করা নীতি অনুযায়ী, গোল্ডেন ভিসাধারীরা অনির্দিষ্টকালের জন্য দেশটিতে অবস্থান করতে পারবেন। সরকারি মাধ্যমে, নিয়োগকর্তা, এজেন্সি বা একাধিক উপায়ে একজন ব্যক্তি ইউএইয়ের গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
সরকারি মাধ্যমে যোগ্য আবেদনকারীরা জিডিআরএফএ-দুবাই স্মার্ট অ্যাপ্লিকেশন এবং এএমইআর সেন্টারের মাধ্যমে গোল্ডেন ভিসা পেতে আবেদন করতে পারবেন। উভয় মাধ্যমে নিয়ম অনুযায়ী ভিসা পেতে আবেদনকারীকে ছয়টি ধাপ অতিক্রম করতে হবে। আবেদনকারীকে ১০ বছর মেয়াদি আবাসিক গোল্ডেন ভিসা পেতে ২ হাজার ৭৯০ দিরহাম ব্যয় করতে হবে। আইডি ফির জন্য ১ হাজার ৭০ দিরহাম খরচ হবে। অন্যদিকে পাঁচ বছর মেয়াদি আবাসিক গোল্ডেন ভিসা পেতে ২ হাজার ২৮০ দিরহাম এবং আইডি ফির জন্য ৫৭৫ দিরহাম ব্যয় হবে।
এছাড়া আবাসন খাত, দুবাইয়ের ভূমি বিভাগ এবং এজেন্সির মাধ্যমেও ভিসার জন্য আবেদন করা যাবে। বিনিয়োগকারীরা ১০ বছর মেয়াদি ভিসা পেতে পারবেন। বিনিয়োগ ও অবসর যাপন এবং ফ্যামেলি ভিসা পেতে আবেদনকারীকে ৩ হাজার ৭১৪ দশমিক ৭৫ দিরহাম খরচ হবে।










