বাংলাদেশে রেমিট্যান্স সেবা আরো দ্রুত, নিরাপদ ও সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড। এ যৌথ উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা বৈধ চ্যানেলে আরো সহজে দেশে টাকা পাঠাতে পারবেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইউসিবির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন। মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও পরিচালনা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাজ ভাগানি এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, প্রবাসীদের উপার্জিত অর্থ দ্রুত ও নিরাপদে দেশে পৌঁছে দেয়াই ইউসিবির লক্ষ্য। মাস্টারকার্ডের সহযোগিতায় ব্যাংকের ডিজিটাল অবকাঠামো আরো শক্তিশালী হবে। এতে গ্রাহকেরা সহজ ও স্বচ্ছ উপায়ে টাকা পাঠাতে পারবেন।
মাস্টারকার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাজ ভাগানি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এ চুক্তির মাধ্যমে প্রবাসীরা নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে টাকা পাঠাতে পারবেন। এতে শুধু প্রবাসী পরিবার নয়, দেশের ডিজিটাল আর্থিক খাতও আরো এগিয়ে যাবে।
সুরাজ ভাগানি আরো বলেন, এ উদ্যোগ বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের সংযোগও মজবুত করবে।
—বিজ্ঞপ্তি










