যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি বিশালাকার বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারি কারখানা করবে নরওয়েজিয়ান কোম্পানি ফ্রেয়ার ব্যাটারি। আটলান্টার দক্ষিণ-পশ্চিমে কারখানাটি নির্মাণ করা হবে। সেখানে কয়েক ধাপে ২৬০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

ফ্রেয়ার ব্যাটারি জানিয়েছে, কারখানাটির বার্ষিক ব্যাটারি উৎপাদন সক্ষমতা হবে ৩৪ গিগাওয়াট। বর্তমানে বিশ্বজুড়ে ব্যাটারি কারখানাগুলোর মধ্যে এটি হবে দ্বিতীয় বৃহত্তম। নেভাদার প্যানাসনিক ও টেসলার মালিকানাধীন ব্যাটারি কারখানাটি সবচেয়ে বড়।

ফ্রেয়ার ব্যাটারির সিইও টম জেনসেন আটলান্টা শহরতলিতে দেয়া ঘোষণায় বলেন, আমাদের লক্ষ্য, ব্যাটারি তৈরিতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা। এজন্য আমাদের ব্যাটারি পরিবহন খাতের কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

টম জেনসেন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যাটারি উৎপাদন বড় একটি সুযোগ। কারণ কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগের ৭০ শতাংশই কোনো না কোনোভাবে ব্যাটারি অন্তর্ভুক্ত। আমরা এমন কিছু করতে চাই, যা বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাত্পর্যপূর্ণ হওয়ায় আমরা এমন কিছু নিয়ে গর্বিত হতে পারি। কারণ দিনশেষে আমাদের বড় লক্ষ্য কার্বন নিঃসরণ শূন্যে নামানো।

আটলান্টার প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পশ্চিমে নিউনানের কাছে একটি শিল্প পার্কে ব্যাটারি কারখানাটি তৈরি করা হবে। প্রাথমিকভাবে সেখানে ১৭০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এতে সেখানে ৭২০ জনের কর্মসংস্থানের সুযোগ হবে। পরবর্তী সময়ে আরো উৎপাদন লাইন ও কার্যক্রম ধাপে ধাপে বিস্তৃত করা হবে। কারখানাটিতে ২০২৯ সালে আরো ৭০ কোটি ডলার বিনিয়োগ করা হবে।

কোয়েটা কাউন্টি ডেভেলপমেন্ট অথরিটির প্রজেক্ট ম্যানেজার মলি গিডেন্স বলেন, ফ্রেয়ার ব্যাটারির কারখানায় কাজ করা কর্মীরা বছরে গড়ে ৬০ হাজার ২৮৪ ডলার বেতন পাবেন বলে আশা করা হচ্ছে।

সংস্থাটি উত্তর নরওয়েতেও একটি বড় কারখানা তৈরি করেছে। এছাড়া ফিনল্যান্ডে একটি ব্যাটারি সেট উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ফ্রেয়ার ব্যাটারির লক্ষ্য হলো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ব্যাটারি তৈরি করা। জর্জিয়ার সংস্থাটি তৃতীয় পক্ষের সৌরশক্তি চালিত ব্যাটারি স্টোরেজ সুবিধা থেকে জ্বালানি নেবে।

ফ্রেয়ার ব্যাটারি জানিয়েছে, জর্জিয়া নির্বাচনের আগে ২৫টি অঙ্গরাজ্যের ১৩০টি জায়গা পর্যালোচনা করা হয়েছে। জর্জিয়া টেক ও অন্য স্কুলের প্রশিক্ষিত প্রকৌশলীদের প্রাপ্যতা, আটলান্টার বড় বিমানবন্দর, সাভানার বন্দর, রেলপথ এবং হাইওয়েগুলো জর্জিয়ায় বিনিয়োগে উৎসাহিত করেছে। সংস্থাটি ফেডারেলের অনুদান ও ঋণের জন্যও আবেদন করার কথা জানিয়েছে।