ভারতের ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর সপ্তাহের প্রথম কার্যদিবসে ১০ শতাংশের মতো বেড়েছে। এর আগে গত শুক্রবার দ্বিতীয় প্রান্তিকের সমন্বিত নিট মুনাফায় ২৮ দশমিক ৪ শতাংশ উল্লম্ফনের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে ব্রিটানিয়ার মুনাফার পরিমাণ ছিল ৪৯৩ কোটি রুপি, যা বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গিয়েছে। এর আগে প্রান্তিকটির জন্য ৪১২ কোটি রুপি মুনাফার পূর্বাভাস দেয়া হয়েছিল।
হিসাব অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর কোম্পানিটির কার্যক্রম থেকে রাজস্ব বেড়েছে ২১ দশমিক ৪ শতাংশ। ব্রিটানিয়ার মতো হিন্দুস্তান লিভারেরও মুনাফা বেড়েছে। তবে একই ধরনের প্রতিষ্ঠান ডাবর ইন্ডিয়া জানিয়েছে মুনাফা কমে যাওয়ার কথা। আর এজন্য ভোগ্যপণ্যের উচ্চমূল্যকে দায়ী করা হচ্ছে।
গত সেপ্টেম্বরে ভারতের খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে। আগস্টে যা ছিল ৭ দশমিক ৬২ শতাংশ। সম্প্রতি ভারত সরকার অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধি রোধে চিনি রফতানিতে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাড়ায়। অন্যদিকে বেকারি শিল্পে ব্যবহূত পাম অয়েলের দামও তুলনামূলক কমেছে। যার কারণে ভারতের ক্রমবর্ধমান ফাস্টফুড খাতেও ব্যবসা পরিস্থিতি ভালো হচ্ছে।










