শতভাগ রফতানিমুখী এ স্পিনিং মিলকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পক্ষ থেকে এ সনদ দেয়া হয়।
এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে সনদ তুলে দেন শ্রীলংকার গ্রিন বিল্ডিং কাউন্সিলের চেয়ারম্যান মাহেন্দ্র জায়ালাথ। পাহাড়তলী টেক্সটাইলসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ চট্টগ্রামের শিল্পোদ্যোক্তা, লিড পরামর্শক, স্থপতি, ব্যাংকারসহ জ্যেষ্ঠ কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ও নবায়নযোগ্য সৌরশক্তি ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন কারখানায় উচ্চমান বজায় রাখার স্বীকৃতি হিসেবে পাহাড়তলী টেক্সটাইলসের উৎপাদন ইউনি-২ এ সনদ অর্জন করেছে।
১৯৫৪ সাল থেকে বাংলাদেশের বস্ত্র শিল্পে কার্যক্রম পরিচালনা করছে পাহাড়তলী টেক্সটাইলস। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৮০০ জনের কর্মসংস্থান রয়েছে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটির পাঁচটি উৎপাদন ইউনিট রয়েছে। এসব ইউনিটে বছরে প্রায় ২৩ হাজার টন সুতা উৎপাদনের সক্ষমতা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রায় ৭০ শতাংশ কাঁচামাল পরিবেশবান্ধব উৎস থেকে সংগ্রহ করে পাহাড়তলী টেক্সটাইলস। পরিবেশবান্ধব যন্ত্রপাতির পাশাপাশি ক্যাপটিভ জেনারেটর থেকে নির্গত বর্জ্য গ্যাস পুনর্ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। এছাড়া ১০ লাখ লিটার বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা এবং ১২ হাজারের বেশি গাছসমৃদ্ধ সবুজ পরিবেশ রয়েছে প্রতিষ্ঠানটিতে।









