তুরস্কে অতিরিক্ত তুষারপাতের কারণে নির্ধারিত ১৭০টি ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ারলাইনস (টিএইচওয়াই)। কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারময় আবহাওয়ার কারণে ইস্তানবুলসহ বেশ কয়েকটি বিমানবন্দর চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এজন্য তুরস্কের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটির আজকের (৬ ফেব্রুয়ারি) জন্য পূর্ব নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

তার্কিশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইয়াহিয়া উস্তুন এক টুইট বার্তায় জানান, তুরস্কের আবহাওয়াবিষয়ক জরুরি কমিটির (ম্যাডকম) নির্দেশনা অনুযায়ী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

ইয়াহিয়া উস্তুন বলেন, ইস্তানবুল বিমানবন্দর থেকে ১৫২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সাবিহা গোকসেন বিমানবন্দর থেকে আরো ১৮ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটিতে চরম প্রতিকূল আবহাওয়ার কারণে সম্প্রতি ইস্তানবুল ও রাজধানী আঙ্কারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে।