শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে স্বল্পমেয়াদি ও চামড়া শিল্প খাতের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণ করা হয়েছে। বিসিক ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগত সহযোগিতাসহ এসব করণীয় বাস্তবায়নে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীরা সহজ শর্তে ঋণ পেতে যাচ্ছেন বলেও জানান তিনি। 

গতকাল রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স’-এর সপ্তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় পাইকারি ব্যবসায়ীরা বলেন, পুঁজির অভাবে চামড়া কিনতে না পারায় কাঁচা চামড়ার মূল্য হ্রাস পেয়েছে। আসন্ন কোরবানির ঈদে ব্যবসায়ীরা যেন সহজ শর্তে ঋণ পান সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এছাড়া হাজারীবাগে অবস্থিত ট্যানারি মালিকদের জমি তাদের ব্যবহারের জন্য যথাসম্ভব দ্রুত সময়ে উন্মুক্ত করে দেয়া এবং রাজউকের পরিকল্পনার বিষয়ে আলোচনা হতে পারে। 

শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের চামড়া শিল্প খাতে সংরক্ষণ সুবিধা বাড়াতে হবে, যাতে চামড়া নষ্ট না হয়। চামড়া ব্যবসায়ী ও পাইকাররা যাতে পুঁজির সমস্যায় না পড়েন ও সহজ শর্তে ঋণ পান, সে বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে। কোরবানির ঈদে পশুর চামড়া এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো হয়ে থাকে। এর সঙ্গে আমাদের ধর্মীয় অনুভূতি জড়িত। কোরবানির চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও মানসম্মত পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আগের অবস্থা আর নেই। এক্ষেত্রে আমরা আগের চেয়ে অনেক উন্নতি করেছি।

সভায় অন্যান্য বছরের মতো এবারো আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ এবং চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ ও সংরক্ষণের জন্য বিজ্ঞাপন আকারে বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা, স্থানীয়ভাবে চামড়া সংগ্রহ এবং পর্যাপ্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য কৌশলগত স্থানে অস্থায়ী সংরক্ষণাগার নির্মাণ, কোরবানির পশুর চামড়ার পাচার রোধ, চামড়া সংগ্রহ ও পরিবহন কার্যক্রমে কোনো ধরনের চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা বাধার সৃষ্টি না হয় এবং চামড়া নিয়ে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে যেন কোনো গুজব না ছড়ায়, সেসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সিইটিপির পরিশোধন কার্যক্রম সক্ষমতার মধ্যে সীমিত রাখার লক্ষ্যে কোরবানির পরবর্তী সাতদিনের মধ্যে ঢাকার বাইরে থেকে যাতে কোরবানির পশুর চামড়া ঢাকার ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেয়া হয়েছে। 

এছাড়া চামড়া শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে ইফ্লুয়েন্ট ডিসচার্জ করা, সারা দেশে পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিতকরণসহ এতিমখানাগুলোয় বিনামূল্যে লবণ সরবরাহ করতে বিসিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। 

সভায় বিটিএর প্রতিনিধির অনুরোধে চামড়া ব্যবসায়ীদের স্বার্থে তাদের জন্য ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

সাভারে অবস্থিত সিইটিপির মান উন্নয়নসহ পরিবেশ মন্ত্রণালয় নির্ধারিত প্যারামিটার অগ্রগতি এবং সিইটিপি সংশোধন ও উন্নয়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) নেয়া কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।