বিশ্বের শীর্ষ তামা উত্তোলনকারী দেশ চিলি। মে মাসে দেশটির তামা উত্তোলন মন্দার মুখে পড়ে। মহামারীর প্রকোপ ও বিভিন্ন খনিতে শ্রমিক অসন্তোষের কারণে তামা উত্তোলন ১ শতাংশ কমেছে। চিলির জাতীয় তামা কমিশন কোচিলকো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাসে চিলিতে সব মিলিয়ে ৪ লাখ ৮৭ হাজার ২০০ টন তামা উত্তোলন করা হয়। গত বছরের একই মাসে উত্তোলিত তামার পরিমাণ ছিল ৪ লাখ ৯২ হাজার ৩০০ টন। সে হিসাবে উত্তোলন কমেছে ১ শতাংশ।

বিশ্বের সবচেয়ে বড় তামা উত্তোলন খনি চিলির স্কোনডিডা। এ বছরের মে মাসে খনিটিতে তামা উত্তোলন করা হয়েছে ৮৪ হাজার ৮০০ টন। গত বছরের একই মাসে উত্তোলন করা হয় ৯৩ হাজার ৪০০ টন। সে হিসাবে উত্তোলন কমেছে ৯ শতাংশ।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ তামা খনি চিলির কলওয়াসি। মে মাসে এ খনিতে তামা উত্তোলন ৪ শতাংশ হ্রাস পেয়েছে। এ সময় উত্তোলন করা হয় ৫৭ হাজার ৯০০ টন তামা। গত বছরের মে মাসে খনিটি থেকে ৬০ হাজার ১০০ টন তামা উত্তোলন করা হয়েছিল।

কোচিলকো জানায়, বিশ্বের সবচেয়ে বড় তামা উত্তোলক কোম্পানি কোডেলকো। মে মাসে চিলিতে তামা উত্তোলন কমলেও কোম্পানিটির উত্তোলন বেড়েছে। এ সময় কোম্পানিটি ১ লাখ ৫২ হাজার টন তামা উত্তোলন করে, যা গত বছরের একই মাসের তুলনায় ৬ শতাংশ বেশি।