পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনায় গঠিত বোর্ডের চতুর্থ সভা আজ অনুষ্ঠিত হবে। মালিক-শ্রমিক দুই পক্ষই সভায় লিখিত প্রস্তাবের মাধ্যমে ন্যূনতম মজুরির সুপারিশ জমা দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মালিকপক্ষের প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান। 

গত ২৬ জানুয়ারি শ্রম অধিদপ্তরের মাধ্যমে গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি হার পুনর্নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ৯ এপ্রিল বোর্ড সদস্যদের নাম ঘোষণা করে জারি হয় প্রজ্ঞাপন। এরপর একে একে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয় বোর্ডের। তবে বৈঠকে দুই পক্ষ থেকে কোনো প্রস্তাব জমা দেয়া হয়নি। সূত্র জানিয়েছে, আজ অনুষ্ঠিতব্য চতুর্থ সভায় দুই পক্ষ থেকে লিখিত উপস্থাপনা জমা দেয়া হবে। 

পোশাক শিল্পের মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি বণিক বার্তাকে বলেন, ‘শ্রমিকদের পক্ষ থেকে লিখিত প্রস্তাব জমা দেয়া হবে। বাস্তবসম্মত একটা প্রস্তাব আমরা জমা দেব। 

পোশাক শ্রমিকদের মজুরি পর্যালোচনায় সর্বশেষ বোর্ড গঠন হয় ২০১৮ সালে। নতুন মজুরি কাঠামো ঘোষণা দেয়া হয় ২০১৯ সালের জানুয়ারিতে। তার আগে ২০১৩ সালে সর্বনিম্ন গ্রেডে ন্যূনতম মজুরি ছিল ৫ হাজার ৩০০ টাকা। সেটি পর্যালোচনা শেষে ২০১৮ সালে পুনর্নির্ধারণ করা ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার টাকা। শ্রম আইন অনুসরণ করেই ২০১৮ সালের পর এ বছর শ্রমিকদের ন্যূনতম মজুরি হার পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মালিক ও শ্রমিক পক্ষের সূত্রগুলো জানিয়েছে, লিখিত প্রস্তাবে শ্রমিকদের পক্ষ থেকে কম-বেশি ২০ হাজার টাকার সুপারিশ করা হতে পারে। মালিকপক্ষ ২০ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধিতে সম্মত হয়েছে। সে হিসেবে ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সুপারিশ হতে পারে ৯ হাজার ৬০০ টাকা।