একই সঙ্গে ‘ওপেন মার্কেট অপারেশনস (ওএমও) গাইডলাইন ২০২৬’ কার্যকর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজনেন্ট ডিপার্টমেন্ট থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি সিকিউরিটিজের ব্যবস্থাপনা-সংক্রান্ত ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) সিস্টেমে ‘শরিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম)’ শীর্ষক একটি নতুন পূর্ণাঙ্গ ডিজিটাল অবকাঠামো গত সোমবার চালু করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নতুন ওএমও গাইডলাইনও কার্যকর করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, আগে বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সনাতন পদ্ধতিতে পরিচালিত হলেও এখন থেকে ‘এসএসএম’ ডিজিটাল প্লাটফর্মের আওতায় পরিচালিত হবে। এতে সুকুকের নিলাম অনুষ্ঠান, সেকেন্ডারি মার্কেটে সুকুক হস্তান্তর ও ক্রয়-বিক্রয়, বিনিয়োগকারীদের মুনাফা বা মেয়াদপূর্তিতে আসল অর্থ প্রদান, বিনিয়োগের বিপরীতে কর সনদ প্রদানসহ ডিপোজিটরি সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রদত্ত শরিয়াহভিত্তিক তারল্য সুবিধা ‘ইসলামিক ব্যাংকিং লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ)’ মডিউলের মাধ্যমে ব্যাংক ও আর্থিক কোম্পানিগুলো গ্রহণ করতে পারবে।

অন্যদিকে ওএমও গাইডলাইনের আওতায় ব্যাংকগুলো এখন আরো দক্ষতার সঙ্গে স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনা করতে পারবে। নতুন কাঠামোতে তারল্য ব্যবস্থাপনা কার্যক্রম আরো নিয়মভিত্তিক এবং পূর্বানুমানযোগ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।