অবরোধসহ নানা প্রতিকূলতার পরও কয়েক মাস ধরে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ধীরে ধীরে বাড়তির পথে ছিল। এ ধারাবাহিকতায় দেশটিতে সম্প্রতি জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন আরো বেড়ে আট লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। লিবিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ন্যাশনাল অয়েল করপোরেশনের (এনওসি) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রায় আট মাস ধরে লিবিয়ার ইস্টার্ন ফোর্স দেশটির তেল কূপগুলোর ওপর অবরোধ দিয়ে রেখেছিল। সম্প্রতি এ অবরোধ কেটেছে। ফলে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন। এ ধারাবাহিকতায় গত মাসের শেষ নাগাদ লিবিয়ার কূপগুলো থেকে প্রতিদিন গড়ে সাত লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। চলতি মাসের শুরুতে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন আরো এক লাখ ব্যারেল বেড়ে আট লাখ ব্যারেলে উন্নীত হয়েছে বলে জানিয়েছে এনওসি।

অবরোধের জের ধরে চলতি বছরের জানুয়ারিতে লিবিয়ার কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন সাকল্যে এক লাখ ব্যারেলে নেমে এসেছিল। তেলসমৃদ্ধ লিবিয়ার ইতিহাসে জ্বালানি পণ্যটির উত্তোলন আগে কখনই এতটা কমেনি।