ব্যাংকের শিক্ষা খাতভিত্তিক উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় এ অংশীদারত্ব করা হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেয়া হবে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে টিউশন ফি সংগ্রহ, প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক হিসাব, বেতন ব্যবস্থাপনা, বিশেষ সঞ্চয়ী হিসাব, প্রয়োজনভিত্তিক ঋণসুবিধা এবং অগ্রাধিকারভিত্তিক ক্রেডিট কার্ড সেবা। পাশাপাশি নন-ব্যাংকিং ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের সুযোগও থাকবে। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এমওইউ স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন এবং সিডব্লিউইউর উপাচার্য ড. পারভীন হাসান স্বাক্ষরিত এমওইউ বিনিময় করেন। এর আগে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এমএম মাহবুব হাসান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষা খাতের জন্য প্রাইম ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সুবিধাগুলো তুলে ধরেন এমএম মাহবুব হাসান। তিনি বলেন, ‘প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে গিয়ে শিক্ষা খাতের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা তৈরি করা সময়ের দাবি। এ ক্ষেত্রে আর্থিক সেবায় প্রবেশাধিকার, আর্থিক সাক্ষরতা ও গ্রাহকবান্ধব ডিজিটাল সেবাকে সমান গুরুত্ব দিতে হবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাইম ব্যাংক শিক্ষা খাতকে আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোই লক্ষ্য। তাই ‘প্রাইমএকাডেমিয়া’র মাধ্যমে শ্রেণীকক্ষের সঙ্গে আর্থিক ব্যবস্থার সংযোগ আরো জোরদার করতে চায় ব্যাংকটি। এর মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও প্রতিষ্ঠানের জন্য সহজ ও নির্বিঘ্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।