আর্জেন্টিনা ও ব্রাজিল অভিন্ন মুদ্রা চালু করতে যাচ্ছে। বাণিজ্য প্রসারণে ও অর্থনৈতিক সংহতকরণের লক্ষ্যে কাজ করছে উভয় দেশ। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য প্রকাশ পেয়েছে। খবর রয়টার্স।

বুয়েন্স আয়ার্সভিত্তিক আর্জেন্টিনার সাপ্তাহিক পত্রিকা পারফিল ওয়েবসাইটে প্রকাশিত লেখাটিতে বলা হয়েছে, আমরা উভয় দেশের বিনিময় ব্যবস্থার ক্ষেত্রে যেসব বাধা রয়েছে তা দূর করতে চাই। পাশাপাশি অর্থনৈতিক নীতিকে সহজ ও আধুনিকীকরণের মাধ্যমে স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আমরা অভিন্ন দক্ষিণ আমেরিকান মুদ্রা চালুর বিষয়ে আলোচনা এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে যা অত্যন্ত প্রয়োজনীয়।

ব্রাজিল ও আর্জেন্টিনা কয়েক দশক ধরে তাদের মুদ্রা সমন্বয় করার বিকল্প বিবেচনা করে আসছে। অঞ্চলটিতে ডলারের প্রভাব মোকাবেলা করতে এ রকম তত্পরতা চালাচ্ছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ দুটি। উভয় দেশের দীর্ঘস্থায়ী সামষ্টিক-অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং এ ধারণার বিরুদ্ধে রাজনৈতিক বাধার মুখে পরিকল্পনাটি বাস্তবে তেমন অগ্রগতি পায়নি।

উভয় নেতার স্বাক্ষরিত নিবন্ধ অনুযায়ী, আঞ্চলিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়েছে। নেতারা আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ের অন্তর্ভুক্ত মারকোসুর বাণিজ্য ব্লককে শক্তিশালী করার ওপরও জোর দিয়েছেন।