কফি উৎপাদনে মন্দার মুখে পড়েছে কলম্বিয়া। চলতি বছরের নভেম্বরে তৃতীয় শীর্ষ দেশটির উৎপাদন কমেছে ২২ শতাংশ। কলম্বিয়ার জাতীয় কফি ফেডারেশন (এফএনসি) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাজারসংশ্লিষ্টরা জানান, মহামারীর প্রভাবে কলম্বিয়ার কফি উৎপাদন খাত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তার ওপর চলতি বছর ভারি বৃষ্টিপাত উৎপাদনকে পঙ্গু করে তুলেছে।
এফএনসির দেয়া তথ্য বলছে, নভেম্বরে কলম্বিয়ায় ১১ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি উৎপাদন হয়েছে। গত বছরের একই সময় উৎপাদন হয়েছিল ১৪ লাখ ব্যাগ কফি। একইভাবে জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশটিতে ১ কোটি ১২ লাখ ব্যাগ কফি উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ৮ শতাংশ। সে সময় সব মিলিয়ে ১ কোটি ২১ লাখ ব্যাগ কফি উৎপাদন হয়েছিল।










