বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট ‘বিমসটেক’ এর সেক্রেটারি জেনারেল ইন্দ্র মণি পাণ্ডের নেতৃত্বে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ অফিস কক্ষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও বিমসটেক-এর প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাৎ করেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশ-ইন্দোনেশিয়া উভয় দেশের সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আমরা মন্ত্রী পর্যায়ে কাজ করতে আগ্রহী।

এ সময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো বলেন, দুদেশের সম্পর্ক শক্তিশালী করার বেশ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উন্নত মানের নতুন অনিয়মিত রফতানিযোগ্য পণ্য আমদানি করতে চায় ইন্দোনেশিয়া। বাংলাদেশে আগামীতে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়া।

প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য অর্থনৈতিক জোন করেছে সরকার। আমদানি-রফতানিতে আমরা একাধিক দেশের সঙ্গে সরাসরি বিনিময় ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি। রফতানিযোগ্য পণ্য তালিকায় বৈচিত্র্য আনতে নতুন উন্নত মানের পণ্য আগামীতে যুক্ত হবে।  

বিমসটেকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বিমসটেকের সদস্য দেশগুলোর মাঝে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ আগ্রহী। সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন ব্যবসায়িক স্বার্থ নিয়ে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ উদ্যোগী ভূমিকা রাখবে। 

বিমসটেকের সেক্রেটারি জেনারেল ইন্দ্র মণি পাণ্ডে আঞ্চলিক জোট বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগকে কেন্দ্র করে আরো জোরালো ভূমিকা রাখতে অনুরোধ জানান।