বিদায়ী অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত পাকিস্তান ১ দশমিক ২ ট্রিলিয়ন রুপির খাদ্যপণ্য আমদানি করেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি ২৪ শতাংশ বাড়ছে। চিনি, গম, পাম অয়েলসহ অন্যান্য খাদ্যপণ্যের আবাদ ও উৎপাদন ঘাটতির কারণে দেশটি আমদানি বাড়িয়েছে। খবর ট্রিবিউন ও ডন।
পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (পিবিএস) দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরের ১০ মাসে ৩৬ লাখ ১২ হাজার টন গম আমদানি করে পাকিস্তান। এসব গমের বাজারমূল্য ১৫ হাজার ৭৭৮ কোটি রুপি। এ সময় ২ হাজার ১০০ কোটি টন চিনি আমদানি করা হয়। এছাড়া ৮ হাজার ৬০০ কোটি রুপির চা আমদানি করা হয়।
পিবিএসের দেয়া তথ্যমতে, অন্যান্য খাদ্যশস্য আমদানি করা হয়েছে ৯ হাজার ৯০০ কোটি রুপির। এছাড়া ৩৮ হাজার ২০০ কোটি রুপির পাম অয়েল, ৩ হাজার ২০০ কোটি রুপির মসলা, ১ হাজার ২০০ কোটি রুপির ড্রাই ফ্রুট ও ২ হাজার ৮০০ কোটি রুপির দুগ্ধপণ্য, ক্রিমসহ অন্যান্য পণ্য আমদানি করা হয়। আমদানি ও ব্যয় অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় দেশটির রফতানি খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে। পাশাপাশি দেশটির বাণিজ্য ঘাটতিও নতুন উচ্চতায় বৃদ্ধি পেয়েছে।










