ভারতের
আবাসন খাতে ২০২২-২৩ অর্থবছরে রেকর্ড
বাসাবাড়ি বিক্রি হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে
এ তথ্য উঠে এসেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
অ্যানারকের গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে ভারতের আবাসন খাতে আবাসিক ভবন বিক্রি ৪৮ শতাংশ বেড়ে ৪ হাজার ২১৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। প্রধান সাতটি শহরে আবাসন খাতে বিক্রি দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ইউনিট, যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ শতাংশ বেড়েছে।
ভারত ও জিসিসি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে অ্যানারক নামে আবাসন পরামর্শক প্রতিষ্ঠানটি। অ্যানারক গ্রুপের চেয়ারম্যান অনূজ পুরি জানান, ভারতের আবাসন খাতে বাড়ি বিক্রির সংখ্যা ও অর্থমূল্য বেড়েছে।
মোট ইউনিট বিক্রি ও অর্থমূল্যে শীর্ষে ছিল মুম্বাই মেট্রোপলিটান অঞ্চল (এমএমআর)। ইউনিট বিক্রির ৩০ শতাংশের প্রতিনিধিত্ব করে এ ফিল্ম ও বাণিজ্য নগরীটি। তবে পুনে শহর সর্বোচ্চ ৭৭ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে। ভারতের অন্য শীর্ষ ছয় শহরেও বিক্রি বেড়েছে এবং তাদের বিক্রয় প্রবৃদ্ধি ২৪-৭৭ শতাংশ বলে জানায় অ্যানারক।
গবেষণায় আরো দেখা গেছে, বিলাসবহুল বাড়ি বিক্রির হারও ছিল ঊর্ধ্বমুখী। ভারতীয় অর্থে ১ কোটি ৫০ লাখ রুপি বা ১ লাখ ৮২ হাজার ৪১০ ডলারের বেশি মূল্যের বাড়িকে বিলাসবহুল বাড়ির ক্যাটাগরিতে রাখা হচ্ছে। ২০২৩ অর্থবছরে প্রধান সাত শহরেই বিলাসবহুল বাড়ি বিক্রি বেড়েছে।










