যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্ট ফুড ব্র্যান্ড মিস্টার বিস্টের বার্গার শপ চালুর উদ্যোগ নিয়েছে আমিরাতের বহুজাতিক রেস্টুরেন্ট কিটোপি। কুয়েতে প্রথম শপ চালু করা হয়েছে। কোম্পানিটি জানায়, প্রাথমিক পর্যায়ে গ্রাহকের সাড়া দেখে অভিভূত। ব্র্যান্ডটির জনপ্রিয়তার কারণে প্রতিদিন কয়েক হাজার অর্ডার আসছে। চলতি মাসের শুরুতে মিস্টারবিস্ট ওয়ান ডে পপ-আপ অফার দিয়েছিল। সেটির সফলতার পরিপ্রেক্ষিতে দেশটিতে বার্গার শপ চালু করা হলো। কিটোপি জানায়, কুয়েতে মিস্টারবিস্টের কার্যক্রম শুরু করা একটি কৌশলগত উদ্যোগ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের দিক থেকে কুয়েত এগিয়ে। এর মাধ্যমে ব্র্যান্ডটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিটোপি কুয়েত শাখার ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল আল ঘুসাইন বলেন, ‘মিস্টারবিস্ট বার্গারের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা গর্বিত। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাজারে ব্র্যান্ডটির সফলতার বিষয় আমরা পর্যবেক্ষণ করছিলাম। আমাদের বিশ্বাস কুয়েতেও এর ব্যতিক্রম হবে না।’ কোম্পানি জানায়, ব্র্যান্ডটির বিস্ট স্টাইল বার্গার বেশ জনপ্রিয়তা পেলেও এদের মেনুতে চার ধরনের বার্গার, দুই ধরনের স্যান্ডউইচ ও তিন ধরনের ফ্রাই রয়েছে। অ্যারাবিয়ান বিজনেস