বাংলাদেশে অটোমোবাইল, এভিয়েশন, শিপিং, রেলওয়ে, লজিস্টিকস, হালকা প্রকৌশলসহ রাসায়নিক (ইথানল) খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা দেখছে মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়া। শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রবার্ট ম্যাক্সিয়ান। গতকাল বিকালে রাজধানীর গুলশানে এফবিসিসিআইয়ের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। তিনি জানান, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বিজনেস হাব হিসেবে বিবেচিত হচ্ছে। গভীর সমুদ্রবন্দর, একশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, ট্যুরিজম পার্ক, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, এলএনজি টার্মিনালসহ বেশকিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করতে সরকারের আন্তরিকতা ও নীতিসহায়তা দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে।

এ সময় স্লোভাকিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্ভাবনাময় খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।