টানা দুই বছরের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় চলতি বছরও কানাডায় গম উৎপাদন আগের বছরের তুলনায় ৫ শতাংশের বেশি বাড়তে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

গম উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় কানাডার অবস্থান ষষ্ঠ। ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০২০ সালে কানাডায় সব মিলিয়ে ৩ কোটি ৪০ লাখ টন গম উৎপাদন হতে পারে। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন বাড়তে পারে ৫ দশমিক ১১ শতাংশ। 

গত বছর কানাডায় সব মিলিয়ে ৩ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টন গম উৎপাদন হয়েছিল, যা আগের বছরের তুলনায় দশমিক ৪৬ শতাংশ বেশি। আর ২০১৮ সালে দেশটিতে আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেড়ে ৩ কোটি ২২ লাখ ১ হাজার টন গম উৎপাদন হয়েছিল।

কানাডার ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বেশি ৩ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টন গম উৎপাদনের রেকর্ড হয়েছিল।