মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন ঘটেছিল। জ্বালানি পণ্যটির দাম ৩ শতাংশ কমে গিয়েছিল। তবে গতকাল ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার খবরে জ্বালানি তেলের দাম ফের ২ শতাংশ বেড়েছে। এদিন করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের জন্য মোটর শোভাযাত্রাও করেছেন। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।

যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৩৭ ডলার ৮৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বেশি। একইভাবে এদিন ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১ দশমিক ৯৯ শতাংশ। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ৪০ ডলার শূন্য ৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বেশি।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্তের খবর আসে। ট্রাম্প নিজেই টুইট করে এর সত্যতা নিশ্চিত করেন। নিয়ম মেনে হোয়াইট হাউজে আইসোলেশনে যান তারা। শনিবার ওয়াশিংটনের ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় ৭৪ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় প্রেসিডেন্টের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য আসে হোয়াইট হাউজের ভেতর থেকেই।

মার্কিন প্রেসিডেন্টের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় পণ্যবাজারে অনিশ্চয়তা তৈরি হয়। দরপতন ঘটে জ্বালানি তেলের। ট্রাম্প হাসপাতালে ভর্তির পর পরই যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশ কমে যায়। তবে গতকাল জ্বালানি পণ্যটির বাজার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা চাঙ্গা হয়েছে। এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে ট্রাম্পের শারীরিক অবস্থার স্থিতিশীলতা। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। যদিও এর আগেই অসুস্থ ট্রাম্প মুখে মাস্ক পরে হাসপাতালের সামনেই সমর্থকদের ‘চমকে দিতে’ মোটর শোভাযাত্রায় অংশ নিয়েছেন।