অস্ট্রেলিয়ায় বিদেশীরা পুরনো বাড়ি ক্রয় করলে তিন গুণ ফি দিতে হবে। পাশাপাশি যারা সম্পত্তি খালি রেখে চলে যায়, তাদের জরিমানা বাড়ানো হবে। খবর রয়টার্স।
অস্ট্রেলিয়ার ট্রেজারি বিভাগের প্রধান জিম চালমারস গতকাল বলেন, ‘সাশ্রয়ী মূল্যে আবাসন সরবরাহ বাড়ানোর লক্ষ্যে পুরনো বাড়ি ক্রয়-বিক্রয়ের বিধি সংশোধন করা হয়েছে। যাতে আবাসিক সম্পত্তিতে বিদেশী বিনিয়োগ আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করে। বাম ঘেঁষা লেবার পার্টির সরকার নতুন বাড়ি নির্মাণকে উৎসাহিত করার জন্য বিদেশী বিনিয়োগের আবেদন ফি হ্রাস করবে।’
সরকার আগামী বছর জুনে অপেক্ষমাণ তালিকায় থাকা অস্ট্রেলিয়ানদের জন্য আবাসন নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে দেশব্যাপী হাজার হাজার নতুন সাশ্রয়ী মূল্যের বাড়ি সরবরাহে ২০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার প্রণোদনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
গতকাল ঘোষণা করা বিধি পরিবর্তনের ফলে প্রায় ৫০ কোটি অস্ট্রেলিয়ান ডলার রাজস্ব পাবে সরকার। এ অর্থ পরে সরকার আবাসনের মতো অগ্রাধিকার ক্ষেত্রগুলোয় বিনিয়োগ করতে পারবে। ব্রিসবেনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিম চালমারস এ সব কথা জানান।
দেশে সাশ্রয়ী মূল্যের আবাসনের সরবরাহ বাড়াতে সরকারের এজেন্ডা রয়েছে। এর সঙ্গে বিদেশী বিনিয়োগের সমন্বয় করবে নতুন বিধি। সরকার উচ্চ ফি বাস্তবায়নে ২০২৪ সালে নতুন আইন প্রবর্তন করবে।
গত বছর জিম চালমারস দেশে সম্পদ ক্রয়ের ক্ষেত্রে বিদেশী বিনিয়োগকারীদের ফি দ্বিগুণ করেন। এর পরে এ ফি এখন আরো বাড়ানো হলো।
সরকারি সূত্রের দাবি, এর মাধ্যমে চার বছরে অতিরিক্ত রাজস্ব দাঁড়াবে ৪৫ কোটি ৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলারে।
অস্ট্রেলিয়ার হাউজিং মার্কেটকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বলে মনে করা হয়। ২ কোটি ৬০ লাখ মানুষের দেশে ক্রমবর্ধমান চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।










