মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলে সবচেয়ে স্মার্ট শহর আবুধাবি। ২০২০ সালের পর থেকে অপরিবর্তিত রেখেছে অবস্থান। বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান ১৩তম। এমনটাই উঠে এসেছে সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (আইএমডি) থেকে প্রকাশিত স্মার্ট সিটির জরিপে। খবর দ্য ন্যাশনাল।
গবেষণায় সহযোগিতা করেছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। জরিপে দেখা যায়, ২০১৯ সালের আইএমডি জরিপে প্রথম স্থান অধিকার করেছিল দুবাই। বর্তমানে শহরটির অবস্থান ১৭তম। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর প্রধান চারটি দেশের একটি, যার একাধিক শহর সেরা বিশের তালিকায় স্থান করে নিয়েছে। বাকি তিনটি দেশ সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জার্মানি।
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শহর সৌদি আরবের রিয়াদ ৩০তম স্থানে উন্নীত হয়েছে। তালিকায় মক্কা, জেদ্দাহ ও কাতারের দোহার অবস্থান যথাক্রমে ৫২, ৫৬ ও ৫৯তম। তালিকায় বরাবরের মতোই প্রথমে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। ২০১৯ সাল থেকেই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে শহরটি। নরওয়ের অসলো রয়েছে পরবর্তী অবস্থানে। তৃতীয় স্থান দখল করেছে রেখেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা।
স্মার্ট শহরের তালিকা তৈরি হয় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও শহরের তথ্যপ্রযুক্তি এবং যোগাযোগব্যবস্থা দেখে। যার মাধ্যমে নাগরিকদের মধ্যকার যোগাযোগ ও অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি পায়। স্মার্ট শহর হিসেবে আবুধাবির উত্থান প্রযুক্তি নির্ভরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেটের ব্যবহারের ওপর ভিত্তি করে। এটি সমাজের বিভিন্ন প্রান্তে পরিষেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তিকে ছড়িয়ে দেয়ার ফল। এ বিষয়ে কথা বলতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের নগরায়ণ ও পরিবহন বিভাগের প্রধান মুহম্মদ আল শরাফা দাবি জানিয়েছেন, ‘আমরা আন্তরিকভাবে প্রযুক্তিকে ব্যবহার করার চেষ্টা করছি, যেন নাগরিকরা সর্বোচ্চ সুবিধা নিয়ে বসবাস করতে পারে।’










