হাইড্রোজেন জ্বালানিচালিত গাড়ি বিক্রির বৈশ্বিক বাজারে বড় ধরনের সফলতা পেয়েছে হুন্দাই মোটর। এনার্জি মার্কেট ট্র্যাকার এসএনই রিসার্চ সম্প্রতি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতাটি প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী হাইড্রোজেন জ্বালানি-সেলের গাড়ির বাজারে ৫৫ শতাংশেরও বেশি অংশ দখল করেছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী মোট ৩ হাজার ৭৩৭ ইউনিট হাইড্রোজেন জ্বালানি-সেল গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি। এ সময়ে হুন্দাই মোটরের গাড়ি বিক্রি হয়েছে ২ হাজার ৪২ ইউনিট। এর মধ্যে শুধু ‘নেক্সো’ মডেলটি বিক্রি হয়েছে ২ হাজার ১৩ ইউনিট। তথ্যানুযায়ী, বছরওয়ারি টয়োটার বাজার হিস্যা ৪৭ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৫৪ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

এদিকে জাপানি গাড়ি নির্মাতা টয়োটা ‘মিরাই’ মডেলটি ৯০২ ইউনিট বিক্রয়ের মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে। এক বছরের ব্যবধানে নির্মাতাটির বাজার হিস্যা ৩৭ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। হুন্দাই মোটরের সঙ্গে টয়োটার বাজার ব্যবধান বেড়েছে ৩০ দশমিক ৫ শতাংশ পয়েন্ট। এর পরেই রয়েছেন চীনের শীর্ষ ট্রাক নির্মাতা ফোটন (১১০ ইউনিট) ও চীনের বাস নির্মাতা কিং লং (২৪ ইউনিট)।

হুন্দাই মোটরসের ‘নেক্সো’ মডেলটি দক্ষিণ কোরিয়ার দেশীয় বাজারে ৯০ শতাংশেরও বেশি বিক্রয় হয়েছে। চলতি বছর দক্ষিণ কোরিয়ায় ১৬ হাজার হাইড্রোজেন গাড়ির আসন্ন ভর্তুকি নীতি ঘোষণা করেছে। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে শীর্ষ অবস্থানে থেকে শুরুর কারণে বাজারটিতে হুন্দাই মোটর অন্যান্য বিদেশী নির্মাতার থেকে আরো এগিয়ে যাবে।

প্রতিবেদন বলছে, দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতারা বিশ্বব্যাপী বাজারের অর্ধেকেরও বেশি অংশ দখলে নিয়েছে। হুন্দাই মোটরের নেক্সো মডেলের উচ্চ অভ্যন্তরীণ বিক্রয়ের কারণে বছরের ব্যবধানে ৩২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। চীনের বাণিজ্যিক হাইড্রোজেন গাড়ি বিক্রয় জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শ্লথ থাকলেও ফের পুনরুদ্ধার হয়েছে। গত বছরের তুলনায় যা ১০৯ দশমিক ২ শতাংশ বেড়েছে।

বিশ্বব্যাপী হাইড্রোজেন জ্বালানিচালিত গাড়ির বাজার চলতি বছরের প্রথম প্রান্তিকে ধীরে ধীরে বেড়েছে। যেখানে গত বছর প্রথমবারের মতো বিশ্বব্যাপী বিক্রি ২০ হাজার ইউনিট ছাড়িয়েছে।

 বৃহৎ গাড়ি নির্মাতারা হাইড্রোজেন জ্বালানি সেলের গাড়ি তৈরিতে ও হুন্দাই মোটরের আধিপত্যের বাজারে চ্যালেঞ্জ জানানোর আগ্রহ দেখাচ্ছে।