চীনে দুটি বিদ্যুচ্চালিত মডেলের দাম কমিয়েছে মার্সিডিজ বেঞ্জ। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এ পদক্ষেপ নিয়েছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। মডেল দুটির দাম ৩৩ হাজার ডলার পর্যন্ত কমানো হয়েছে।
সম্প্রতি দেয়া এক বিবৃতিতে মার্সিডিজ জানিয়েছে, চীনের ইকিউই ও ইকিউএস গাড়ির দাম কমানো হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে এ গাড়ি কেনা গ্রাহকদের ভর্তুকি দেয়া হবে।
মার্সিডিজের চীনা ওয়েবসাইট অনুসারে, বর্তমানে ইকিউই গাড়ির দাম ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ইউয়ান (৬৭ হাজার ৬৭৫ ডলার)। দুদিন আগেও গাড়িটির দাম ছিল ৫ লাখ ২৪ হাজার ইউয়ান। এছাড়া ইকিউএস বিলাসবহুল সংস্করণের নতুন দাম ৯ লাখ ৫৬ হাজার ইউয়ান। যেখানে গাড়িটির দাম ছিল ১১ লাখ ৯০ হাজার ইউয়ান। ডলারের হিসাবে গাড়ির দাম কমেছে প্রায় ৩৩ হাজার ডলার।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, চীনের গাড়ি বিক্রি কমে যাওয়ায় দামে কাটছাঁট করছে মার্সিডিজ বেঞ্জ। কিছু ডিলার গাড়ি বিক্রি বাড়াতে প্রচার চালানো শুরু করেছে। কারণ মাঝে মধ্যে ইকিউএসের সরবরাহ মাসে ১০০ ইউনিটে নেমে আসছে।
ইকিউএস হলো মার্সিডিজ বেঞ্জের ফ্ল্যাগশিপ এস ক্লাস মডেলের পূর্ণাঙ্গ বিদ্যুচ্চালিত গাড়ি। মডেলটিতে সবচেয়ে উন্নত প্রযুক্তি যুক্ত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পৃথক একটি বিবৃতিতে মার্সিডিজ জানিয়েছে, চীনে ব্যয়বহুল গাড়ির বাজার এখনো বিস্তৃত হচ্ছে। বিশেষ করে ১০ লাখ ইউয়ানের বেশি দামের গাড়ির চাহিদা বাড়ছে। মার্সিডিজ সর্বদা গতিশীল বাজারের উন্নয়ন পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে।
চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (পিসিএ) মতে, বিদেশী গাড়ির ব্র্যান্ডগুলো সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় নির্মাতাদের পেছনে পড়ে যাচ্ছে। চলতি বছরের প্রথম সাত মাসে বিক্রীত ইভিগুলোর মধ্যে প্রায় ৮০ শতাংশই স্থানীয় ব্র্যান্ডগুলোর।
জানুয়ারি-জুলাই সময়ে চীনে প্রায় ৮ হাজার ৮০০ ইউনিট ইভি বিক্রি করেছে মার্সিডিজ। সংস্থাটির বিক্রীত গাড়িগুলোর মধ্যে তুলনামূলক কম ব্যয়বহুল ইকিউএ, ইকিউবি ও ইকিউসি অন্তর্ভুক্ত রয়েছে। চীনা ইভি জায়ান্ট বিওয়াইডি কেবল অক্টোবরেই ২ লাখ ২০ হাজার ইউনিট বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি করেছে। যদিও সংস্থাটির লক্ষ্য মধ্যবিত্ত ক্রেতাদের আকৃষ্ট করা।
এদিকে চীনের বাজারে গাড়ি বিক্রি নিয়ে প্রতিক্রিয়া দেখানো মার্সিডিজ বেঞ্জই একমাত্র প্রতিষ্ঠান নয়। গত মাসে মার্কিন ইভি নির্মাতা টেসলাও দেশটিতে গাড়ির দাম কমিয়েছে।
পিসিএ মহাসচিব কুই ডংশু বলেন, স্থানীয় গাড়ি নির্মাতারা নিজেদের শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করছে। ইভি তৈরিতে প্রযুক্তিগত ব্যবধান তৈরি হওয়ায় চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো সরবরাহ ব্যবস্থার সুবিধা পাচ্ছে।










